এশিয়ান টেকনোলজি এক্সিলেন্স পুরস্কার পেল গ্রামীণফোন

এশিয়ান টেকনোলজি এক্সিলেন্স পুরস্কার পেয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। নিজেদের মাইজিপি অ্যাপের জন্য ‘ডিজিটাল-টেলিকমিউনিকেশনস’ বিভাগে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নিজ নিজ খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে এশিয়ান বিজনেস রিভিউ ম্যাগাজিন। গত ৫ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ পুরষ্কার দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের প্রধান ডিজিটাল কর্মকর্তা (সিডিও) সোলায়মান আলম বলেন, ‘এশিয়ান টেকনোলজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। মাইজিপি শুধুই একটি বিক্রয় ও পরিষেবানির্ভর অ্যাপ নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা গ্রাহকদের ক্ষমতায়ন করে এবং সেবা প্রদান ও প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে এক নতুন মানদণ্ডে পরিণত হয়েছে। উদ্ভাবন অব্যাহত রাখতে ও সেবার উন্নয়নে এই পুরস্কার আমাদের অনুপ্রাণিত করবে। গ্রাহকদের জন্য সত্যিকারভাবে প্রয়োজনীয় ডিজিটাল সেবা দিতে এ পুরস্কার উৎসাহ দেবে।’

গ্রামীণফোনের তথ্য মতে, মাইজিপি অ্যাপটি তিন কোটির বেশি স্মার্টফোনে নামানো হয়েছে। অ্যাপটির মাধ্যমে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, সার্ভিস কাস্টমাইজেশন, তাৎক্ষণিক নোটিফিকেশনসহ নিরবচ্ছিন্নভাবে বেশ কয়েকটি সুবিধা ব্যবহার করতে পারেন গ্রাহকেরা। এক ট্যাপে বিল পরিশোধ থেকে শুরু করে বিনোদনমূলক কনটেন্ট উপভোগের সুযোগ রয়েছে অ্যাপটিতে। গ্রামীণফোনের ৯৯ শতাংশ সেবাই এখন মাইজিপিতে পাওয়া যায়, যা অ্যাপটিকে দেশের বৃহত্তম সেলফ সার্ভিস অ্যাপে পরিণত করেছে। এই অ্যাপের মাধ্যমে ডেটা ব্যালেন্স ছাড়া লেনদেন ও মোবাইল ফিন্যান্সিয়াল পার্টনারদের সহযোগিতায় জরুরি ব্যালেন্স সেবা গ্রহণ করতে পারেন গ্রাহকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *